"My personal take on architecture. Exploring how we live, breathe, and connect within the walls we build."
How I see it
architecture 101
1.2 Definition
SPACE মানে কি শুধুই শূন্যতা?
"SPACE মানে কি শুধুই শূন্যতা?"
স্থাপত্যের বই পড়লে একটা শব্দ বারবার আসে — "SPACE"
বাংলায় বলি — "স্থান"
এই স্থান নিয়ে পৃথিবীর বড় বড় দার্শনিকরা হাজার বছর ধরে তর্ক করেছেন। বড় বড় বই লিখেছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়ে বড় বড় বক্তব্য দিয়েছেন_আর সেই তর্কের শেষে যা বেরিয়ে এসেছে — সেটা আমাদের দেশের যেকোনো চা-দোকানদার এমনিতেই জানেন। ----------------------------------------কিন্তু আগে দার্শনিকদের ভুলটা বুঝি।পশ্চিমের একটা বড় ধারণা ছিল — স্থান মানে শূন্যতা।মানে — বস্তু আছে, আর বস্তুর ফাঁকে ফাঁকে যা আছে সেটা স্থান। স্থান নিজে কিছু না। স্থান হলো অনুপস্থিতি। বস্তু সরিয়ে দিলে যা বাকি থাকে।এই ধারণাটা এতটাই প্রভাবশালী ছিল যে শত শত বছর ধরে স্থাপত্যেও এটাই ভাবা হয়েছে_ আমরা দেওয়াল বানাই। ছাদ বানাই। মেঝে বানাই। মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে — সেটাই স্থান। আর সেটা এমনিই হয়ে যায়_- যেন SPACE হল ডিজাইনের বাই-প্রোডাক্ট।
এই ধারণার ফল কী হয়েছে জানেন?বাংলাদেশের যেকোনো সরকারি অফিসে যান।ঢুকলেই_- একটা লম্বা করিডোর।- দুপাশে বন্ধ দরজা।- মাথার উপর বিম (ইন্টেরিওর করা থাকলে বোর্ড)।- মেঝেতে সাদা টাইলস।এই করিডোরটা কেউ ডিজাইন করেননি। এটা হয়ে গেছে।(মানে ঘরগুলো বসানোর পরে মাঝখানে যা বাকি ছিল আর কি) আর সেই করিডোরে দাঁড়ালে কেমন লাগে?মনে হয় যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে যাই।মনে হয় এখানে থাকার কথা না।মনে হয় আমি একটা মেশিনের ভেতরে ঢুকেছি।(অবশ্য সরকারি অফিসে সেটাই উদ্দেশ্য কিনা — সেটা নিয়ে আলাদা পোস্ট লেখা যাবে।)
এবার চা-দোকানদারের কথায় আসি। ( শুরুটা পরে অনেকেই গালি দিচ্ছেন মনে মনে - তাদের থামাই এবার_)আপনি কি কখনো ভেবেছেন —কেন চায়ের দোকানে আড্ডা জমে?দোকানটা ছোট। বেঞ্চ অস্বস্তিকর। গরম থাকে। শব্দ থাকে।তবু মানুষ বসে থাকে। ঘণ্টার পর ঘণ্টা। কারণ_ চা-দোকানের স্থানটা মানুষকে থামতে বলে।রাস্তার পাশে। একটু ছায়া। সামনে মানুষের চলাচল দেখা যায়। পাশে কেউ বসলে কথা বলা স্বাভাবিক লাগে। কেউ এই ডিজাইন করেননি। কোনো বিখ্যাত স্থপতি আসেননি। কোনো পুরস্কার পায়নি এই দোকান।কিন্তু এই দোকানটা জানে — মানুষ কীভাবে একসাথে থাকে।লক্ষ কোটি টাকার কর্পোরেট অফিস লবি যেটা জানে না — সেটা এই দোকান জানে।
তাহলে স্থান কি?স্থান শূন্যতা না। স্থান একটা সক্রিয় শক্তি।স্থান মানুষকে বলে — "এখানে থামো।" "এখানে এগিয়ে যাও।" "এখানে কথা বলো।" "এখানে চুপ করো।" আপনি কোনো বড় মসজিদে ঢুকলে কেউ আপনাকে বলে না — "একটু শান্ত হন।" কিন্তু আপনি হয়ে যান।কেন?কারণ সেই স্থানটা আপনাকে কিছু বলছে_উঁচু ছাদ বলছে — এখানে বড় কিছু আছে।নরম আলো বলছে — তাড়া নেই।খোলা জায়গা বলছে — নিজেকে ছোট মনে করো না।এই ভাষাটা কানে শোনা যায় না। কিন্তু শরীর বোঝে। মন বোঝে।----------------------------------------মানুষ এই স্থানের ভাষা পড়তে পারে — কোনো প্রশিক্ষণ ছাড়াই। কোনো ডিগ্রি ছাড়াই।আমরা জন্মের পর থেকে এই ভাষা শিখছি। কোন জায়গায় নিরাপদ লাগে। কোথায় অস্বস্তি লাগে। কোথায় থাকতে ইচ্ছে করে। কোথায় পালাতে ইচ্ছে করে।
এই অনুভূতিগুলো দুর্বলতা না। এগুলো তথ্য।একজন ভালো স্থপতির কাজ হলো এই তথ্যগুলো বোঝা — এবং তাকে বেজ করেই ডিজাইন করা।শুধু চোখের জন্য ডিজাইন না। মানুষের জন্য করা।----------------------------------------কিন্তু আমরা কি সেটা করছি?ঢাকার নতুন বিল্ডিংগুলোর দিকে তাকান_বড় বড় গ্লাস। ঝকঝকে লবি। সুন্দর রিসেপশন ডেস্ক।সেই লবিতে দাঁড়ালে কেমন লাগে?মনে হয় —আমি কি ঠিক জায়গায় এসেছি?আমার কি এখানে থাকার কথা?নিরাপত্তারক্ষী কি আমাকে দেখছেন? এই অনুভূতিটা তৈরি করা হয়েছে ইচ্ছে করে।অথবা —যেটা আরো ভয়ংকর — কোনো চিন্তা না করেই তৈরি হয়ে গেছে।দুটোই সমান বিপজ্জনক।----------------------------------------সত্যি বলতে কি আমার মনে হয় - স্থান কখনোই নিরপেক্ষ ছিল না।প্রতিটা ঘর, প্রতিটা করিডোর, প্রতিটা চত্বর_সবসময় কিছু না কিছু বলছে,সবসময় কাউকে না কাউকে স্বাগত জানাচ্ছে,অথবা কাউকে ফিরিয়ে দিচ্ছে। স্থপতির কাজ হলো এই কথাটাই সচেতনভাবে বলা_যেন স্থানটা সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিক অনুভূতি দেয়।এই একটা কারনেই আমি মনে করি_স্থাপত্য কোন কারিগরি দক্ষতা না, মানে শুধু সুন্দর বিল্ডিং না - এটা মানুষকে বোঝার দক্ষতা
কখনো কি কোনো বাড়িতে ঢুকে মনে হয়েছে — এখানে দম বন্ধ হয়ে আসছে? অথবা কোনো পুরনো পাড়ার গলিতে হেঁটে হঠাৎ মনে হয়েছে — এখানে থাকতে ইচ্ছে করে?কিন্তু কেন — সেটা বলতে পারোনি। এটা তোমার মনের খেয়াল না। এর পেছনে কারণ আছে। সেই কারণটাই আমি এই সিরিজে বলতে চাই। আমরা স্থাপত্যকে সাধারণত একটাই জিনিস মনে করি —"সুন্দর বিল্ডিং"ভালো রং, চকচকে কাচ, বড় লবি, আধুনিক চেহারা। ম্যাগাজিনে যেরকম ছবি দেখা যায়। এই ধারণাটা একদম ভুল না। কিন্তু এটা পুরো সত্যি না।
একটা উদাহরণ দিই_ধরো দুটো বাড়ি। দুটোরই রং একই, ইট একই, আকার একই। পার্থক্য শুধু একটাই — দরজাগুলো একটু অন্যভাবে লাগানো।কিন্তু এই ছোট পার্থক্যটা ঠিক করে দেয় — পরিবারের সদস্যরা সারাদিনে কতবার একে অপরের মুখ দেখবে। বাড়িতে আগন্তুক এলে কতটুকু এগিয়ে যেতে পারবে। কোন ঘরে কে একা থাকতে পারবে, কোথায় সবাই মিলবে। আরেকটু ভাবো।তুমি যে পাড়ায় বড় হয়েছ — সেখানে কি রাস্তায় মানুষের আনাগোনা ছিল? বিকেলে কি বাচ্চারা খেলত? চায়ের দোকানে কি আড্ডা জমত?নাকি রাস্তা ছিল শুধু গাড়ি চলার জায়গা — মানুষ বের হত না, দেখা হত না?এই পার্থক্যটা মানুষের ইচ্ছের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে রাস্তাটা কীভাবে বানানো হয়েছে তার উপর। গলিটা কোথায় বাঁক নিয়েছে, দোকানগুলো কোন দিকে মুখ করা, বাড়ির সামনে একটু দাঁড়ানোর জায়গা আছে কিনা। এই সিদ্ধান্তগুলো নকশার সিদ্ধান্ত মনে হয়। আসলে এগুলো সামাজিক সিদ্ধান্ত। এগুলো ঠিক করে দেয় — একটা এলাকায় মানুষ একা থাকবে, নাকি একসাথে।
বিল্ডিং বানানো আর স্থাপত্য করা এক জিনিস না।বিল্ডিং বানানো মানে — ছাদ দেওয়া, দেওয়াল তোলা, মানুষকে বৃষ্টি থেকে বাঁচানো। এটা দরকারি। কিন্তু এটাই সব না। স্থাপত্য মানে — একটা প্রশ্নের উত্তর খোঁজা। এই জায়গায় মানুষ কীভাবে বাঁচবে? কোথায় তারা মিলবে? কোথায় আলাদা হবে? কোথায় নিঃশ্বাস নেবে? কোথায় ভিড় অনুভব করবে?এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই স্থপতির কাজ। শুধু সুন্দর করা না। এই সিরিজে আমি সেই কথাগুলোই বলব।সহজ ভাষায়। চেনা উদাহরণ দিয়ে। আমাদের দেশের বাড়ি, পাড়া, শহর — এগুলো দিয়েই। কারণ স্থাপত্যের বড় বড় তত্ত্ব আছে — সেগুলো বইয়ে থাকুক। আমি চাই তুমি পরের বার কোনো বিল্ডিংয়ে ঢুকলে বুঝতে পারো — ঠিক কী কারণে তোমার ভালো লাগছে, বা লাগছে না।
