"My personal take on architecture. Exploring how we live, breathe, and connect within the walls we build."
How I see it
architecture 101
1.1 Definition
স্থাপত্য মানে কি শুধু সুন্দর বিল্ডিং
বাড়ি কেন বানানো হয়? মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানায় কেন?কারণটা আসলে অনেক গভীর।বিল্ডিং শুধু আশ্রয় না - বিল্ডিং একটা Statement. প্রতিটা বিল্ডিং বলছে_“এখানে কে থাকে।""তারা কীভাবে জীবন কাটায়।""তারা কাকে কতটুকু কাছে রাখে, কাকে দূরে।" পুরান ঢাকার পুরনো বাড়িগুলো মনে করুন।- বড় উঠান।- চারদিকে ঘর।- সামনের ঘরে বাইরের মানুষ আসে।- ভেতরের উঠানে পরিবার থাকে।- একদম ভেতরে মহিলাদের জায়গা। … এই বাড়িটা কিন্তু শুধু ছাদ আর দেওয়াল না। এই বাড়িটা একটা সামাজিক মানচিত্র।কে কোথায় যেতে পারবে। কে কার সাথে দেখা করবে। কোথায় পরিবার একসাথে হবে। কোথায় বাইরের মানুষ থামবে। এই সিদ্ধান্তগুলো সেই সময়ের সমাজের কথা বলছে। সেই সময়ের মানুষের জীবনের কথা বলছে।বিল্ডিংটা জাস্ট দাঁড়িয়ে আছে — কিন্তু ভেতরে একটা পুরো সংস্কৃতি গেঁথে আছে। একটা জীবনদর্শন। এবার আধুনিক ঢাকার একটা সাধারণ অ্যাপার্টমেন্টের কথা ভাবুন।- ছোট্ট ফ্ল্যাট।- তিনটা বেডরুম, ছোট বারান্দা,- একটা ড্রয়িং রুম,- একটা ডাইনিং (ভাগ্য ভালো হলে)- টয়লেট এর মাপে একটা কিচেন … এই বাড়িটাও একটা বিবৃতি।পরিবারের প্রতিটা সদস্য আলাদা। একসাথে থাকার জায়গা কম। বাইরের মানুষ আসার জায়গা নির্দিষ্ট। উঠান নেই, ছাদ নেই — কারণ সেই সময়টুকু এখন আর নেই। এই ফ্ল্যাটটা আধুনিক ঢাকার মানুষের জীবনের কথা বলছে। ব্যস্ত, আলাদা, ছোট হয়ে আসা জীবন। ভালো না খারাপ — সেটা বিষয় না। কিছু না হলেও - এটা বস্তু তো বটেইl
ইতিহাসে একটু ঘুরে আসি।রোমান সাম্রাজ্যের কথা ভাবুন।রোমানরা যেখানেই গেছে — সবার আগে কী বানিয়েছে?Forum। একটা খোলা চত্বর। চারদিকে বিল্ডিং। মাঝখানে ফাঁকা জায়গা।সেই ফাঁকা জায়গাটাই ছিল আসল কাজ। সেখানে বাজার বসত। বিচার হতো। রাজনীতি হতো। মানুষ মিলত।রোমানরা বুঝেছিল — বিল্ডিং বানানো মানে স্থান বানানো। স্থান বানানো মানে সমাজ বানানো।দুই হাজার বছর পরে আমরা সেটা ভুলে গেছি।এখন আমরা বিল্ডিং বানাই। Forum বানাই না। স্থান বানাই না। সমাজ বানাই না।
আরেকটু কাছে আসি।আপনি কি কখনো লক্ষ্য করেছেন — বাংলাদেশের পুরনো বাজারগুলোতে একটা বিশেষ জিনিস আছে?মাঝখানে একটা খোলা জায়গা। চারদিকে দোকান।সেই খোলা জায়গাটায় কেউ কিছু বেচে না। কেউ কিছু কেনে না।কিন্তু সবাই সেখানে যায়। দাঁড়ায়। কথা বলে। দেখা করে।এই জায়গাটা কেউ ডিজাইন করেনি। কেউ পরিকল্পনা করেনি।তবু এটা তৈরি হয়েছে। কারণ বাজার শুধু কেনাবেচার জায়গা না। বাজার মানুষের মিলনের জায়গা। এবং সেই মিলনের জন্য একটা স্থান দরকার।সেই স্থানটা নিজেই তৈরি হয়ে যায়। কারণ মানুষ জানে তার দরকার আছে।
এখন আধুনিক শপিং মলে যান।মাঝখানে কী আছে?দোকান। আরো দোকান। আরো দোকান।বসার জায়গা নেই। দাঁড়ানোর জায়গা নেই। শুধু হাঁটার করিডোর। হাঁটুন। কিনুন। বেরিয়ে যান।পরের জন কিনুক।আধুনিক শপিং মল মানুষকে মিলতে দেয় না। মানুষকে কিনতে বাধ্য করে।Forum থেকে Mall — এই যাত্রাটা শুধু স্থাপত্যের পরিবর্তন না। এটা সমাজের দর্শনের পরিবর্তন।মানুষ আগে স্থানের কেন্দ্রে ছিল। এখন পণ্য কেন্দ্রে।এখানেই বিল্ডিং ব্যর্থ। ব্যর্থ স্থাপত্যও
বিল্ডিং ব্যর্থ হলে কী হয়?মানুষ একা হয়ে যায়। পাড়া মরে যায়। শহর অসুস্থ হয়। সমাজ ভেঙে পড়ে।বিল্ডিংয়ের ব্যর্থতা বিশাল।তাই বিল্ডিং শুধু বস্তু না। বিল্ডিং একটা সামাজিক দায়িত্ব। আচ্ছা আমরা বিল্ডিংকে এখন আসলে কীভাবে দেখি?"কত তলা?" "কত স্কয়ার ফিট?" "কত টাকা?"কেউ জিজ্ঞেস করে না — "এই বিল্ডিংয়ে মানুষ কীভাবে মিলবে?" "এখানে কোনো Forum আছে?" "এই স্থানটা কি মানুষকে একত্রিত করবে নাকি আলাদা করবে?"কারণ এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞাপনে দেওয়া যায় না। ব্রোশারে ছাপা যায় না।তাই প্রশ্নগুলো করা হয় না। বিল্ডিং বানানো মানে একটা বস্তু তৈরি করা না।বিল্ডিং বানানো মানে একটা স্থান তৈরি করা।একটা সম্ভাবনা তৈরি করা। মানুষ মিলবে কি মিলবে না — সেই সম্ভাবনার মাঠ তৈরি করা। তাহলে দাঁড়ালো "বিল্ডিং এর 2 টা সত্তা - একটা তো আপনি দেখতেই পান - আর অন্যটা?"
"বাড়ি মানে কি শুধুই আশ্রয়?" একটা খেলা খেলি।আপনার জীবনে এমন একটা জায়গার কথা মনে করুন যেখানে গেলে ভালো লাগে।- হতে পারে কোনো পুরনো মসজিদ।- হতে পারে নদীর ধারের একটা চায়ের দোকান।- হতে পারে ছোটবেলার স্কুলের বারান্দা।- হতে পারে দাদার বাড়ির উঠান।এখন নিজেকে জিজ্ঞেস করুন — কেন ভালো লাগে?বেশিরভাগ মানুষ বলবেন — "জানি না। লাগে।"এই "জানি না"-র ভেতরেই স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে আছে।
তারপর যেটা বলছিলাম - প্রতিটা বিল্ডিংয়ের আসলে দুটো অস্তিত্ব আছে।1️⃣প্রথম অস্তিত্ব — যেটা দেখা যায়।দেওয়াল। ছাদ। জানালা। দরজা। রং। উপকরণ। ছবিতে যা ওঠে। ক্যাটালগে যা দেখানো হয়। পুরস্কার পাওয়ার সময় যেটার ছবি ছাপা হয়।_এটা বিল্ডিংয়ের আউটলুক / চেহারা।2️⃣দ্বিতীয় অস্তিত্ব — যেটা দেখা যায় না।এই ঘর থেকে ওই ঘরে যেতে কতটুকু হাঁটতে হয়। কোথায় দাঁড়ালে কতটুকু দেখা যায়। কোন জায়গায় মানুষ স্বাভাবিকভাবে থামে। কোথায় গেলে একা মনে হয়, কোথায় গেলে ঘেরা মনে হয়। কোন পথ দিয়ে সবাই হাঁটে, কোন পথ কেউ মাড়ায় না।_এটা বিল্ডিংয়ের ভেতরের জীবন। এই দুটোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী?


উত্তর দেওয়ার আগে একটা গল্প বলি।বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে — যেখানে ক্যাম্পাসের মাঝখানে একটা বড় খোলা মাঠ আছে। চারদিকে বিভিন্ন বিভাগের ভবন।এই মাঠটা পরিকল্পনায় ছিল শুধু "সবুজ এলাকা"। কিন্তু বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে —- এই মাঠেই সব আড্ডা হয়।- এই মাঠেই বন্ধুত্ব তৈরি হয়।- এই মাঠেই আন্দোলন শুরু হয়।- এই মাঠেই প্রেম হয়, ব্রেকাপ ও।কারো পরিকল্পনায় ছিল না। কিন্তু মাঠটার অবস্থান এমন ছিল — সব পথ সেখানে এসে মিলেছে। সেখানে না গিয়ে উপায় নেই।মাঠটা মানুষকে টেনেছে। মানুষ টেনে যায়নি। এটাই দ্বিতীয় অস্তিত্বের শক্তি।________________________________________এবার উল্টো উদাহরণ_ঢাকায় অনেক আবাসিক প্রকল্প আছে যেগুলো দেখতে চমৎকার।সুন্দর গেট। পরিষ্কার রাস্তা। সাজানো গাছপালা। ছবি তুললে একদম বিদেশি মনে হয়।কিন্তু সেখানে গেলে একটা জিনিস লক্ষ্য করবেন — রাস্তায় মানুষ নেই।বিকেলেও নেই। সন্ধ্যায়ও নেই। মাঝে মাঝে একটা-দুটো গাড়ি যাচ্ছে। তারপর আবার নিঃশব্দ।কেন?কারণ রাস্তাগুলো গাড়ির জন্য বানানো। মানুষের জন্য না।দোকান নেই যেখানে থামা যায়। বেঞ্চ নেই যেখানে বসা যায়। কোনো কারণ নেই বাইরে বের হওয়ার।ডিজাইন সুন্দর। কিন্তু জীবন নেই। এটাতে প্রথম অস্তিত্ব আছে, দ্বিতীয় অস্তিত্ব নেই
আপনি হয়তো ভাবছেন — "এগুলো তো পরিকল্পনাকারীদের সমস্যা। স্থপতির কী দোষ?"সমস্যা হলো — এই সিদ্ধান্তগুলো অনেক সময় স্থপতিই নেন।কোথায় রাস্তা যাবে। কোথায় দোকান বসবে। কোথায় মানুষ বসতে পারবে। কোথায় ছায়া পড়বে। — এগুলো ডিজাইনের অংশ।কিন্তু এগুলো নিয়ে কেউ ভাবে না।কিন্তু এই "না ভাবার"র দাম দেয় মানুষ।প্রতিদিন। প্রতিটা পদক্ষেপে। 🔘যে মা রান্নাঘর থেকে বাচ্চার ঘর দেখতে পান না— সে প্রতিদিন একটু বেশি ছুটোছুটি করেন। 🔘যে বৃদ্ধ মানুষটা বাইরে বেরোতে চান কিন্তু বসার জায়গা নেই— তিনি প্রতিদিন একটু বেশি একা থাকেন। 🔘যে পাড়ায় রাস্তায় আলো নেই, মানুষ নেই— সেই পাড়ায় প্রতিরাতে একটু বেশি ভয় থাকে। এগুলো ছোট ছোট কষ্ট। কিন্তু প্রতিদিনের। সারাজীবনের।________________________________________আমি একজন স্থপতি হিসেবে বিশ্বাস করি —একটা বিল্ডিং বানানোর সময় দুটো অস্তিত্বের কথাই ভাবতে হবে।বিল্ডিং বা বস্তু - যেটা দেখা যায় — সেটা মানুষ প্রথম দিন দেখবে।স্থান বা স্পেস মানে সেই শূন্যতা - যেটা দেখা যায় না — সেটার মধ্যে মানুষ সারাজীবন বাঁচবে।

